সংবাদদাতা:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নওগাঁয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতীকি কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই বিপ্লবী ছাত্ররা অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে হত্যা চালাচ্ছে। এছাড়া ভারতীয় আধিপত্য বিস্তার রুখতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ শেষে একটি প্রতীকি কফিন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষুব্ধ জনতা “তুমি কে, আমি কে হাদি হাদি”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”, “খুনি ও হত্যার বিচার চাই” এবং “প্রশাসন জবাব চাই” জাতীয় স্লোগান দেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত ন্যায়বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।