তানভীর রহমান:
ন্যাশনাল মডেল স্কুল-এর আইটি বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্প্রতি নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে তন্ময়ের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের আইটি কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ, প্রযুক্তিগত সহায়তা এবং ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয় বলে জানায় স্কুল প্রশাসন।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি করতে তন্ময়ের মতো শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা ভবিষ্যতেও আইটি বিভাগকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্মাননা প্রাপ্তির পর তন্ময় তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের জন্য কাজ করতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রযুক্তি খাতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।