সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, উন্নত জাতের লেবুর চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত) বীজ, ডিএপি ও এমওপি সার, জৈব সার (গোবর সার) এবং বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, বাঁশের খুঁটি, জৈব সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপকরণ বিতরণ শেষে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন, এবং যেকোনো কৃষি সমস্যায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি। এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও কৃষক উপস্থিত ছিলেন।