অনলাইন ডেস্ক:
রংপুর নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ হোটেলসহ ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আজাদ হোটেলসহ আশেপাশের ১২টি দোকানে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসীম উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনের সূত্রপাত বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।