অনলাইন ডেস্ক:
১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার- আইএআরসি’র হিসাবে, বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারেরও বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন। মারা যান ৬৭৮৩ জন। নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯% ভোগেন স্তন ক্যানসারে! তথ্যগুলো মোটেও সুখকর নয়।
এর ওপর আছে ক্যানসার চিকিৎসার নানা বিড়ম্বনা। অর্থনৈতিক উন্নয়নে সঙ্গে সঙ্গে দেশে ক্যানসারের সব ধরনের চিকিৎসা বিদ্যমান থাকলেও তার সুব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর প্রশ্ন। এছাড়াও ব্যয়বহুল এসব চিকিৎসায় হিমশিম খেতে হয় মধ্যবিত্ত থেকে নিন্মবিত্ত মানুষের। তার উপর সত্যিকার অর্থেই কোথায় ভালো একটু চিকিৎসা পাবেন সেই তথ্য নিয়েও আছে হাজারও বিভ্রান্তি। আর এসব বিবেচনায় ক্যানসার মানেই ভোগান্তির এক দীর্ঘ অধ্যায়।
আর সে কারণেই একটু নির্বিঘ্নে বেঁচে থাকার জন্য আমাদের মতো স্বাস্থ্য ব্যবস্থার দেশে ক্যানসার প্রতিরোধ ছাড়া আর কোনো সুখকর উপায় নেই। শরীরের ভেতরের ক্যানসারগুলো তো বুঝতে সমস্যা হয় কিন্তু স্তন ক্যানসারের লক্ষণগুলো উঁকি দেয় শরীরের বাইরেই। শুধু চাই একটু সচেতনতা, আর একটু সতর্কতা।
আর এই সতর্কতা চাই নারী পুরুষ সবারই! অবাক হওয়ার কিছু নেই কারণ, পুরুষরাও এখন স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। নারী-পুরুষ মিলে তা ৮.৩%। স্তন ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর উদ্যোগে ২০১৩ সালে সচেতনতার কাজ শুরু হয়। বেসরকারিভাবে ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস পালন শুরু করে।
এ উপলক্ষে সকাল ৯টায় শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে একটি গোলাপি সড়ক শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাব পর্যন্ত যাবে ক্যান্সারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠনের মোর্চা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এসময় রাস্তায় সাধারণ মানুষের কাছে স্তন ক্যান্সারের প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ একটি বাংলা লিফলেট বিতরণ করবে তারা।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী উদযাপন বক্তৃতা দেবেন। এরপর স্তন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ড. হালিদা হানুম আখতার, ডা. আবু জামিল ফয়সল ও ডা. আব্দুস সবুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন দশজন সাংবাদিককে স্তন ক্যান্সার সচেতনতায় অসাধারণ ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হবে। বিশিষ্ট কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীকে স্তন ক্যান্সার সচেতনতার শুভেচ্ছা দূত হিসেবে সংবর্ধনা জানানো হবে। এছাড়া ক্যান্সার বিজয়ী প্রয়াত বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ কাজী রোজীর জন্য শোক ও দোয়া পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন নাছিমা বেগম এনডিসি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় ও সিনিয়র সাংবাদিক, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন। সভাপতিত্ব করবেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।