সংবাদদাতা:
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড়ে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের খাসির মাংস বিক্রেতা এনতাজুল কসাই ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছিলেন। তারা সাধারণত নিজ বাড়িতে মাংস প্রক্রিয়াজাত করে দোকানে নিয়ে আসতেন।
রোববার সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিবাদ জানান। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত দুই ব্যক্তি দোকানে থাকা মাংস ফেলে রেখে এলাকা ত্যাগ করেন। এ সময় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন, উদ্ধারকৃত মাংস খাসির নয়, কুকুরের।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি জবাইকৃত মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাংস যথাযথ প্রক্রিয়ায় অপসারণ করা হচ্ছে।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।