খালেক হাসান:
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মশাবাহিত এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।