তন্ময় রহমান:
নওগাঁ সদর উপজেলায় প্রান্তিক, অসহায় ও দরিদ্র কৃষক-কৃষাণীদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ৬০ জন সদস্যের মাঝে মোট ১২০ কেজি রাজা হাইব্রিড-১৮ আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহশপতিবার ১১ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ. কে. আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ ওয়াহিদ উল্লাহ, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মশিউর রহমান, এসএস লিড মোঃ সোহরাওয়ার্দী, শাখা ব্যবস্থাপকসহ কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রোগ্রাম পার্টিসিপ্যান্টস।
বীজ পেয়ে সদস্যরা আন্তরিক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্র্যাকের এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক আয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।