তাহেরা এনায়েত করিম:
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত হয়েছে।
রানি, প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র,নিশান, বিডিও, বাটা ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের দয়ালের মোড়ে অবস্থিত সিএসও হাব এর হল রুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রানি’র প্রধান নির্বাহী মোঃ ফজলুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার (জুনি.) মোমিনা সুলতানা, প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন, নিশানের নির্বাহী পরিচালক মোঃ মাহিদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় এনজিও কর্মী, শিক্ষক,শিক্ষার্থী,সুশিল সমাজের প্রতিনিধিসহ অর্ধ-শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।
সভায় ই-সিগারেট ও নতুন তামাক পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করা, নাটক ও চলচ্চিত্রসহ সকল বিনোদন মাধ্যমে ধূমপানের দৃশ্য বন্ধে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ওটিটি নীতিমালা পাস করা, অনলাইন ও সোস্যাল মিডিয়ায় তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করা এবং কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা, তামাক পণ্যে উচ্চ কর ও মূল্য বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি করা, তামাক চাষের বিকল্প চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা, তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ এবং তামাক বিরোধী জনসচেতনতায় গণমাধ্যমের সক্রিয় ভূমিকা পালনের সুপারিশ তুলে ধরা হয়।
উল্লেখ্য, বিশ্বে প্রতিবছর ৮৭ লক্ষাধিক মানুষ মারা যায় তামাকের কারণে। দেশে বছরে ১ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ তামাকজনিক রোগে মারা যায়। তামাকের ক্ষয়-ক্ষতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী ৩১ মে দিনটিকে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘Unmasking the Appeal: Countering Nicotine & Tobacco Addiction । যার বাংলা ভাবানুবাদ “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”