শাহরিয়ার শাওন :
“সময়ের সাথে আগামীর পথে” স্লোগানকে ধারণ করে নওগাঁর বদলগাছীতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা,আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রুহুল আমিন। এনটিভি অনলাইন নওগাঁ(বদলগাছী-মহাদেবপুর) প্রতিনিধি মিঠু হাসান এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু,অনুষ্ঠান সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু জর গিফারী।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনে এনটিভির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দর্শকপ্রিয়তা কামনা করেন। পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রাণবন্ত অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হয় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।