অনলাইন ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) হাতে দেয়ার সেই পরিপত্র বাতিল করা হয়েছে। ফলে ডিসিদের হাতে আর অশিক্ষক জনবল নিয়োগের ক্ষমতা থাকলো না।
মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন পরিপত্র জারি করে। এতে আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, বহু বছর যাবত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগেও জনপ্রতি ৪ থেকে দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে আসছে। এই ঘুষের টাকার বাটোয়ারা এতদিন বেসরকারি পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ছিলো। যেগুলোর নিয়ন্ত্রণ ছিল রাজনৈতিক ব্যক্তিদের হাতে।
পরে গত বছরের পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অশিক্ষক-কর্মচারী নিয়োগও জেলা প্রশাসকদের হাতে দেয়ায় দুর্নীতি বাড়ার আশঙ্কা করেছিলেন শিক্ষাবিদরা। এতে সব ডিসি রাজনৈতিক চাপ সামলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারবেন না বলেছিলেন তারা। তবে এবার ফের ডিসিদের হাত থেকে সেই ক্ষমতা বাদ দিয়ে নতুন পরিপত্র জারি করা হয়েছে।
আজ মঙ্গলবারের পরিপত্রে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ) শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা উল্লিখিতভাবে সংশোধন করা হলো।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ) প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য এ বিভাগ কর্তৃক গত ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর জারিকৃত পরিপত্র বাতিল করা হলো।
গত ২০২৪ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি জারিকৃত নির্দেশমালার ২.৪ এর ক, খ ও গ এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ব্যাতিত অন্যান্য পদে (ট্রেড অ্যাসিসট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া, অফিস সহায়ক) নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট অংশ বহাল করা হলো। সূত্র: দৈনিক শিক্ষাডটকম