প্রজন্মের আলো ডেস্ক:
সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলায় গত কয়েকদিন থেকে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১ জনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এন্টিজেন ও আরটিপিসিআর থেকে ২০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালে ও বাড়ির আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন করোনা রোগী।
এছাড়া একই সময়ে জেলায় নতুন আরো একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
এদিকে সংক্রমণ বাড়ায় গতকাল থেকে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় জরুরি সেবা ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবকিছু বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে কৃষিপণ্য/খাদ্য সামগ্রী পরিবহন ও দূরপাল্লার আন্তঃজেলা পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।