প্রজন্মের আলো:
ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে মানিলন্ডারিং আইনে করা দুটি মামলার মধ্যে একটির রায়ে আজ এমডি রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ঘোষণা করেন। এর আগে সকালে ডেসটিনি ২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিনসহ ৩ আসামিকে আদালতে তোলা হয়।
গত ২৭ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে আদালত রায় ঘোষণার আজকের তারিখ (১২ মে) ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানিলন্ডারিং আইনে মামলা দুটি করেন।
দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন ৪ জন। বাকিরা পলাতক।
২০১৬ সালের ২৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় চার্জশিটভুক্ত ৩০৩ জন সাক্ষীর মধ্যে ২০২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।