পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও ২বছর ৩মাস বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে খুনের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক মাদকাসক্ত যুবক। সে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী দৃষ্টি (২৩) ও শিশু কন্যা শিমা (২বছর ৩মাস) ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেয় জয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই বেপরোয়া আচরণ করত। নিয়মিত নেশা করা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং পরিবারে অশান্তি সৃষ্টি করা ছিল তার প্রতিদিনের ঘটনা। শৈশব থেকেই অতিরিক্ত আদর ও শাসনের অভাবে সে নিয়ন্ত্রণহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে, যার ভয়াবহ পরিণতি ঘটল আজ।
এলাকার সচেতন নাগরিকরা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। আমরা চাই আমাদের এলাকার তরুণরা মাদকের পথ থেকে দূরে থাকুক এবং সুন্দর ভবিষ্যৎ গড়ুক।প্রশাসন ও জনগণ একসাথে কাজ করলে খুব সহজেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত এবং গভীর পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।