তানভীর রহমান :
নওগাঁ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শাহীন মাহমুদ। বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমেনা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আজিজুল কাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, স্বপ্ন সারথী গ্রুপের সদস্য, স্বাস্থ্যকর্মী, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ব্যবস্থাপকবৃন্দ।
অ্যাডভোকেসি ডায়ালগে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ. কে. আজাদ। পিপিটি উপস্থাপনার মাধ্যমে মূল সেশন পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রিমিং) মো. আহ্সান হাবীব।
ডায়ালগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান উদ্যোগসমূহের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সহিংসতা প্রতিরোধ ও সেবাপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সারভাইভারদের জন্য দ্রুত, কার্যকর ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয়, দায়িত্বশীল অংশীদারিত্ব এবং সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।