শাহরিয়ার শাওন :
নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
’এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট’ (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এই কাজ বাস্তবায়ন করছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।
উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট এবং জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহান। এছাড়া সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “আজ থেকে নওগাঁয় খাল খনন কর্মসূচি শুরু হলো। এই প্রকল্পের আওতায় এ বছর জেলায় আরও পাঁচটি খাল খনন করা হবে। কৃষি ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজটির সফল বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘ ২০ বছর পর খালটি খনন করা হচ্ছে। আগে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে খালটি পুরোপুরি শুকিয়ে যেত। এখন পুনঃখননের ফলে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরী ইউনিয়নের কয়েক হাজার কৃষক খালের পানি ব্যবহার করে কম খরচে ধান ও সবজি চাষ করতে পারবেন।