তানভীর রহমান:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় ও ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান।
ব্র্যাকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ কে আজাদ, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ জিয়াউর রহমান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি (বিইপি)-এর ফারহানা আক্তার। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সমাজ গঠনে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।