নুরুজ্জামান লিটন :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় শিশু ধর্ষণের একটি ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গত ১৭ এপ্রিল,শুক্রবার বিকেলে বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর বাবা লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে প্রতিবেশী আব্দুস সাত্তার শিশুদের খাবারের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটান বলে জানা যায়।
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি বিশেষ টিম গঠন করা হয়। গোয়েন্দা পুলিশ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ১৮ এপ্রিল,শনিবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে বদলগাছী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।