মাঝে মাঝে খালি পায়ে হাঁটা একটি বিলুপ্তপ্রায় সুন্নাহ্।
আবদুল্লাহ ইবনে বুরাইদাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এক সাহাবি মিসরে অবস্থানরত ফাদালাহ ইবনে উবাইদ (রা.)-এর কাছে পৌঁছেন। অতঃপর তিনি বলেন, আমি শুধু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসিনি; বরং আমি ও আপনি যে হাদিসটি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে শুনেছি, আশা করি এ সম্পর্কে আপনার জানা আছে। তিনি বলেন, তা কোন বিষয়ে? তিনি বলেন, এরূপ,,,।
এরপর বলেন, আচ্ছা,আপনি একটি স্থানের নেতা, অথচ আপনার মাথার চুল এলোমেলো দেখছি?
সাহাবি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের মাত্রাতিরিক্ত জাঁকজমক দেখাতে নিষেধ করেছেন। তিনি বলেন, আপনার পায়ে জুতা দেখছি না কেন? তিনি বলেন, নবী (সা.) আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে চলার আদেশ দিতেন। (আবু দাউদ, হাদিস ৩৬৩১)
উল্লিখিত হাদিস দ্বারা বোঝা যায়, রাসুল (সা.)-এর নির্দেশনা পালনের উদ্দেশ্যে মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুন্নত। এতে মানুষের মাঝে বিনয়-নম্রতা সৃষ্টি হয় এবং আত্ম-অহমিকাও কিছুটা সংবরণ হয়।
তা ছাড়া অনেক গবেষক মাঝে মাঝে খালি পায়ে হাঁটার মাঝে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার রয়েছে বলে উল্লেখ করেছেন।
—মুফতি মোহাম্মাদ আলী: