সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন দেশজুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে গত ১১ ডিসেম্বর নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক এক অফিস আদেশে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচনী এলাকায় দু’জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণ বিধিমালা যেন যথাযথভাবে অনুসরণ হয়, তা নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), আত্রাই, মো. নূরে আলম সিদ্দিক এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের অভিষেক কান্তি বর্মনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনা প্রতিরোধ ও লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন, আমরা নওগাঁ জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে এবং নির্বাচনী এলাকায় কঠোর নজরদারি রাখব। নির্বাচনী আচরণবিধি যাতে বিন্দুমাত্র লঙ্ঘন না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আত্রাই উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে আমরা প্রস্তুত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে নামায় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।