পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
তীব্র শৈত্যপ্রবাহে যখন নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আত্রাই উপজেলা প্রশাসন। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯:৩০ ঘটিকায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাতের কনকনে ঠান্ডায় প্ল্যাটফর্মে অবস্থানরত ভবঘুরে, দিনমজুর ও অসহায় মানুষদের হাতে একে একে কম্বল তুলে দেন ইউএনও। কম্বল পেয়ে শীতার্ত মানুষদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “শীত মৌসুমে ছিন্নমূল ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, শুধু শহর নয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে, যাতে কোনো শীতার্ত মানুষ সহায়তার বাইরে না থাকে।
কম্বল বিতরণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তাঁরা সার্বিকভাবে শৃঙ্খলা বজায় রেখে শীতার্তদের সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে রেলওয়ে প্ল্যাটফর্মে গিয়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।
আত্রাই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শীত মৌসুমে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।