আত্রাই সংবাদদাতা:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলাসহ দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা লাভ করে, তা যেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়েই আসে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দঘন মুহূর্ত, যা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, ইসলামের শাশ্বত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। পবিত্র ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্যোন্নয়নের পক্ষে শপথ নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আত্রাই ইউএনও আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহমর্মী ও সহনশীল হওয়াই হোক ঈদের মূল শিক্ষা। ঈদ-উল-ফিতরের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর, ভালোবাসাপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠজন ও নিকটজনসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।”
শেখ মো. আলাউল ইসলাম আরও বলেন, ঈদের এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।