আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর:
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ২৫ মার্চ ২০২৬ বুধবার সকালে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.আব্দুর রহমান রিজভী বলেন, ১৯৭১ সালের ২৫মার্চের গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার একটি। তিনি সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। অধ্যক্ষ রিজভী বলেন, ২৫ মার্চের গণহত্যার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পরাধীনতার শিকল থেকে জাতি মুক্তি পায়। বাংলাদেশ স্বাধীন হলেও বৈষম্যহীন সমাজ গঠনের জন-আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
গণহত্যা দিবস উপলক্ষ্যে বা’দ জোহর শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।