বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার রাতে এ ফল প্রকাশ হয়।
জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর এবং পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন অংশ নেন। এর মধ্যে থেকে পাঁচ হাজার ৩৩৫ জন উত্তীর্ণ হন।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন জটিল, এবং করোনার মধ্যে পরীক্ষা নেয়ার অভিযোগ করে অনেক পরীক্ষার্থী বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় মামলা দায়ের এবং অর্ধশতাধিক পরীক্ষার্থীকে রিমান্ডে নেয় পুলিশ। সেদিন পাঁচ কেন্দ্রে হাঙ্গামার পর সেই কেন্দ্রগুলোর পরীক্ষা স্থগিত করা হয়। পরে কঠোর নিরাপত্তার সঙ্গে পরীক্ষা নেয়া হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি।
ওইদিন ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া কেন্দ্রগুলো হলো- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ।
বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। গত ২৭ ফেব্রুয়ারি এসব কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।