প্রজন্মের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মা মমতাজ বেগমের প্রয়াণে বাড়িতে গিয়ে তাঁকে সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় আইভীকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান শামীম ওসমান।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে আইভীর দেওভোগের বাড়ি ‘চুনকা কুটিরে’ যান শামীম ওসমান। এর আগে বিকেলে মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে মেয়র আইভীর মা মমতাজ বেগমের কবর জিয়ারত ও দোয়া করেন তিনি।
আইভীর বাড়িতে প্রবেশ করেই সেখানে আইভীর দুই ভাই ও বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার দুই ছেলে আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আলী রেজা রিপনকে সান্ত্বনা দেন। তাদের এই শোক সহ্য করার মতো ধৈর্য যেন আল্লাহ দেন সে জন্য দোয়া করেন তিনি।
আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, চাচি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তাঁর জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলতে হবে যেন তাঁদের আত্মা শান্তি পায়। আমিও এতিম আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের সেটা যেই বয়সেই হই না কেন।
এ সময় আইভী বলেন, আগামী শনিবার বাদ আসর দোয়া ও মিলাদ আমাদের মসজিদে। আপনারা আসবেন। পরে শামীম ওসমান তাঁর সাথে সেখানে যাওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলেন, শনিবার চাচির মিলাদ আপনারা মাস্ক পরে নিয়ম মেনে এখানে আসবেন।
এর আগে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, মৃত মানুষের কোনো পরিচয় নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এখানে আরো আগে আসা উচিত ছিল। কিন্তু আপনারা জানেন আমার স্ত্রী খুব গুরুতর অসুস্থ। আজকে আপনাদের সকলের দোয়ায় একটু ভালো অবস্থায় আছেন। আমি প্রথমেই তাঁর জন্য দোয়া চাচ্ছি।