পারভেজ গাদ্দাফী :
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ জেলার আত্রাই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম ভড়তেঁতুলিয়া। আত্রাই উপজেলা থেকে ৫ মিনিটের পথ। উপজেলার অন্যান্য গ্রামের রাস্তা পাকা হলেও ভোঁপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভড়তেঁতুলিয়া গ্রামটি আজও অবহেলিত। প্রায় দুই কিলোমিটার গ্রামের প্রধান সংযোগ সড়কটি বহু বছর ধরে আধাপাকা অবস্থায় পড়ে আছে। বর্ষায় কাদা ও বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয় এবং রাস্তাটি ভেঙে যায়।শুকনো মৌসুমে ধুলাবালিতে পথচলা যেন দুর্ভোগের আরেক নাম। প্রতিদিন স্কুলশিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছে ভড়তেঁতুলিয়া গ্রামের মানুষ।
স্থানীয় কৃষক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটা পাকা হলে আমাদের ফসল বাজারে নিতে অনেক সুবিধা হতো। কিন্তু বছরের পর বছর শুধু আশ্বাস, কাজের দেখা নেই।”
আত্রাই উপজেলা তাতী দলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ভড়তেঁতুলিয়া গ্রামের রাস্তাটির সাথে একটি বেড়িবাঁধ আছে। বেরিবাঁধটি খুবই গুরুত্বপূর্ণ। বেরিবাঁধটির অবস্থা খুবই খারাপ বন্যার পানিতে বিভিন্ন জায়গায় ভেঙে য়ায়।আত্রাই নদীর পাশে হওয়ার কারণে বন্যা হলে পানি বেড়িবাঁধ উপচিয়ে মাঠে প্রবেশ করে। এতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়।আমরা আত্রাই উপজেলা প্রশাসনের কাছে অতি দ্রুত ভড়তেঁতুলিয়া গ্রামের রাস্তা এবং বেরিবাঁধের প্রস্থ উভয় পাশে পাঁচ ফিট করে বৃদ্ধি করে নতুন বেড়িবাঁধ নির্মাণের আবেদন করছি।
অন্যদিকে কলেজছাত্রী তানিয়া খাতুন জানায়, “বৃষ্টিতে হাঁটাও কষ্টকর, জুতা-কাপড় ভিজে নষ্ট হয়। মাঝে মাঝে স্কুলেও যেতে পারি না।এ কারণে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়”
ভড়তেঁতুলিয়া গ্রামের ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি মোঃ সাইদুর রহমান স্বীকার করেছেন যে, সড়কটির অবস্থা নাজুক এবং বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হয়নি। তিনি জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এলজিইডির এক কর্মকর্তা বলেন, “ভড়তেঁতুলিয় গ্ৰামের রাস্তা সংস্কারের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।”
গ্রামবাসীর অভিযোগ, নির্বাচন এলেই প্রতিশ্রুতি শোনা যায়—কিন্তু ভোট শেষে সব ভুলে যায় সবাই। উন্নয়নের এই বৈষম্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন সরকারের জরুরি উদ্যোগ কামনা করছে।
গ্রামবাসীর দাবি এই গ্রামের পাশে আত্রাই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে তৈরি রেলওয়ে স্টেশন ও গ্ৰামে পোস্ট অফিস, পার্শ্ববর্তী কাশিয়াবাড়ী গ্রামে একটি হাট রয়েছে এবং উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী আত্রাই মাছ বাজার আছে। এ কারণে রাস্তাটি দিয়ে এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে।রাস্তাটি আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ একটি রাস্তা। উপজেলা প্রশাসনের কাছে আমাদের আবেদন রাস্তাটি দ্রুত পাকা করে জনদুর্ভোগ লাঘব করা হোক, যাতে এই এলাকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারে।