পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৩৭০ জনকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ২৮০ জন মহিলাকে শাড়ি, ৩৫ জন মহিলাকে থ্রি-পিস এবং ২৫ জনকে রুমাল উপহার দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ।
প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতে সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডও সকলের মাঝে বিতরণ করা হবে ।পর্যায়ক্রমে সকল পরিবার এ কার্ড পাবে। তিনি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।