পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম-এর সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপু। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ময়নুল হক লিটন, মোঃ নাসিম ইকবাল পলাশ এবং আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ ইকবাল।
প্রধান আলোচক মোঃ মাসুদ হায়দার টিপু তার বক্তব্যে বলেন,বিএনপির দেশ গড়ার পরিকল্পনার মূল শক্তি হচ্ছে যুবসমাজ। একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
প্রধান অতিথি আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, দেশ আজ সংকটকাল অতিক্রম করছে। বিএনপির ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৃণমূলের নেতাকর্মীদের আরও সংগঠিত ও সচেতন হতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপি ও তারেক রহমান এঁর হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই শহীদ,বাংলাদেশের সকল শহীদদের এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি,যুবদলের এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।