সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও চলাচলের সুবিধা নিশ্চিত করতে হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক সুযোগ, পরিবেশ ও সহায়তা পেলে তারাও দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। আজ বিতরণ করা সহায়ক উপকরণগুলো তাদের দৈনন্দিন চলাচল সহজ করবে এবং স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি সম্মানের সঙ্গে সমাজে বসবাস করুক।”
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান জানান, চলতি পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৭ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৬ জনকে হিয়ারিং এইড (শ্রবণযন্ত্র), ৩ জনকে এলবো ক্রাচ, ৩ জনকে ট্রাইসাইকেল, ২ জনকে অক্সিলারি ক্রাচ এবং ২ জনকে ওয়াকার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সহায়ক উপকরণ হাতে পেয়ে অনেক প্রতিবন্ধী ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।