পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
২০২৬ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিয়েছে দলের নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় নেতা এস.এম রেজাউল ইসলাম রেজুকে। দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, তৃণমূলভিত্তিক জনপ্রিয়তা এবং দলের কঠিন সময়ের দৃঢ় অবস্থান বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি তাকে এবার নির্বাচনী প্রতীক তুলে দিয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়নের খবর পেয়ে আত্রাই ও রানীনগর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা। স্থানীয় বাজার, হাট-বাজার থেকে গ্রামাঞ্চল—সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এস.এম রেজাউল ইসলাম রেজু।
আত্রাই উপজেলা বিএনপির ২নং ভোঁপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, “দলীয় আদর্শে অটল থেকে রেজু ভাই সবসময় জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছেন। তাঁর মনোনয়ন আমাদের তৃণমূলের জয়।অন্যদিকে তরুণ কর্মী সাজু বলেন, রেজু ভাই আমাদের প্রেরণা। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করি, এবার ধানের শীষ বিজয়ের প্রতীক হবে।
এস.এম রেজাউল ইসলাম রেজু জানান, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। আত্রাই–রানীনগরের মানুষ বহুদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমি তাদের পাশে দাঁড়াতে চাই ধানের শীষের প্রতীক নিয়ে, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে।তিনি আরও বলেন, “জনগণই আমার শক্তি, তৃণমূলই আমার ভরসা।
আমি বিশ্বাস করি—জনগণ ধানের শীষের প্রতীকেই পরিবর্তনের সিদ্ধান্ত নেবে।
মনোনয়নের ঘোষণার পর থেকেই দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে চলছে নির্বাচনী প্রস্তুতি। নেতাকর্মীরা পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ধানের শীষের প্রচারণা।সব মিলিয়ে আত্রাই–রানীনগর এখন প্রস্তুত এক নতুন রাজনৈতিক লড়াইয়ের জন্য, যেখানে ধানের শীষ প্রতীকের পক্ষে তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়ছে দ্রুত।
আত্রাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম বলেন,দীর্ঘদিন ধরে দলে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসা এস.এম রেজাউল ইসলাম রেজুর মনোনয়ন শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং তৃণমূল বিএনপির নতুন আশার প্রতীক হয়ে উঠেছে।আত্রাই–রানীনগরের জনপদে এখন একটাই স্লোগান—“বিজয় হবে ধানের শীষের, জয় হবে জনগণের,গণতন্ত্রের পুনর্জাগরণ!”