তন্ময় রহমান:
দেশব্যাপী ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব যখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।
কলেজের রোভার স্কাউট এবং শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত হয়েছে এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান, যা ক্যাম্পাসজুড়ে সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি অভিযান চলাকালে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ, করিডোর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। অংশগ্রহণকারীরা জীবাণুনাশক ব্যবহার করে দেয়াল, মেঝে ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজর দেন।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু পড়াশোনা নয়, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক চেতনা গড়ে তোলাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে আমরা নিজেরাই আমাদের সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমষ্টিগত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
কলেজ সূত্রে জানা যায়, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।