সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সন্ধ্যায় উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন।