তানভীর রহমান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এ ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত এই খেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীসহ শিক্ষক -কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দেশীয় ক্রীড়া সংস্কৃতি লালন করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যক্ষ রিজভী বলেন, “হাডুডু আমাদের ঐতিহ্যবাহী খেলা। নতুন প্রজন্মের মাঝে এ ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে নিয়মিত আয়োজন প্রয়োজন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।