পারভেজ গাদ্দাফী ,
আত্রাই প্রতিনিধি :
“নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকে সচেতন করুন”প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস বর্তমানে জেলার অন্যতম দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক দপ্তর হিসেবে পরিচিতি পেয়েছে। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ এখন পাচ্ছে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত সেবা—যা আগে ছিল কল্পনার মতো ।
জনগণের হয়রানি বন্ধে এবং সেবার মানোন্নয়নে এসিল্যান্ড অফিস কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি চালাচ্ছেন।
আত্রাইয়ের এসিল্যান্ড মোঃ নূরে আলম সিদ্দিক বলেন,“আমাদের মূল লক্ষ্য হলো জনগণের জন্য নির্ভেজাল সেবা নিশ্চিত করা। দুর্নীতিমুক্ত অফিস গড়া মানে শুধু নিয়ম মানা নয়, এটা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। যেকোনো নাগরিক যেন ভয় ছাড়াই এখানে এসে কাজ করতে পারে, সেটাই আমরা নিশ্চিত করেছি। সোশ্যাল মিডিয়ায় আমি তা জানিয়ে দিয়েছি” আমি আমার নাম্বার সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। যে কেউ যেকোনো সময় প্রয়োজনে আমাকে ফোন করতে পারে।
অন্যদিকে, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্ৰামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান জানান,“আগে জমির কাগজ ঠিক করতে দালাল ধরতে হতো, এখন আর তেমন কিছু নেই। অফিসে গেলে কর্মকর্তারা নিজেরাই সহযোগিতা করেন। এখন মনে হয় সত্যিই সরকার জনগণের পাশে আছে।”
আত্রাই এসিল্যান্ড অফিসে এখন প্রতিদিনই সেবা নিতে আসা মানুষের ভিড় দেখা যায়। দ্রুত সেবা, স্বচ্ছ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে জনগণের আস্থা বেড়েছে বহুগুণে।
ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ও ভূমি রেকর্ড সংশোধনের মতো কাজ এখন ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আত্রাই এসিল্যান্ড অফিস শুধু প্রশাসনিক সংস্কারের নয়, এটি “দুর্নীতিমুক্ত সেবার মডেল অফিস” হিসেবে সারাদেশে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।