আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ব্যয়ে সহায়তা দিতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান তহবিল থেকে ১৯ জন উপকারভোগীর মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা ব্যয় অনেক সময় পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। সেই কষ্ট লাঘব করতেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। মানবিক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।
চেক গ্রহণ শেষে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে বলেন, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা অনেকেই অসহায় হয়ে পড়েছিলাম। সরকারের দেওয়া এই অনুদান আমাদের জন্য শুধু অর্থ নয়, এটি নতুন করে বেঁচে থাকার আশা ও সাহস জুগিয়েছে। এই অর্থ দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিৎসার খরচের একটি অংশ মেটানো সম্ভব হবে। আমরা সরকার, জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।