পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২১শে ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আত্রাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি ) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি মোঃশাহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার খাইরুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ জনগণ।
সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের দেশপ্রেম, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে। ভাষার শুদ্ধ ব্যবহার করতে হবে । তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।বক্তারা বলেন, একুশের চেতনা শুধু শোক নয়, এটি গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন , ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।