খালেক হাসান:
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এ বৃক্ষরোপণ কর্মসূচি,সবাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও র্যালিতে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক এস.এম মাসুদ পারভেজ, প্রভাষক আবু রেজা, প্রভাষক রিপন সরদার,প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক সোহেল রানা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ প্রমুখ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ ও টেকসই সবুজ বাংলাদেশের ভিত্তি এ উপলব্ধি থেকে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।