পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দুপুর ১২ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আত্রাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।
এ সময় সহকারি কমিশনার (ভূমি ) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার খাইরুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।