সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ও রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশবাসীকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের সবার পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ২২টি কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, আত্রাই সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেক, ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় প্যানেলভুক্ত সংশ্লিষ্ট সকল প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
ভোটগ্রহনকারী অন্যান্য সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গণের প্রশিক্ষণ কর্মশালা আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।